ইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর কর্মকর্তা সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৮:৫৬
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (৯ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১২ সালের এপ্রিলে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলছে। তদন্তে বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তা।
এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সম্প্রতি নিজ বাসা থেকে উইং কমান্ডার সাইফুর রহমানকে আটক করে বিমান বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়োজিত বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট)। পরে তাকে বাহিনীর একটি বিশেষ সেলে হেফাজতে রাখা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। এরপর থেকেই তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের নিখোঁজের রহস্যের কোনো সুরাহা হয়নি।
বাংলাদেশেরখবর/আরকে

