Logo

আইন ও বিচার

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ২০:৫১

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ৫২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঈশান ও হাসিব নামের দুজনকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুক্রবার এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই কামাল হোসেন বলেন, গ্রেপ্তার ৫৪ জনের মধ্যে ৫২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুজনকে পাঠানো হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্রে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন।

এর আগে আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্তকাজ এখনো চলছে। তদন্তের স্বার্থে আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। আসামিরা জামিন পেলে আত্মগোপনে চলে যেতে পারেন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটকে রাখা প্রয়োজন।

আজ আসামিদের শুনানিতে হাজির করা হয়নি। তাদের পক্ষে আদালতে কোনো জামিনের আবেদনও করা হয়নি।

এর আগে ভাটারা থানার এসআই আসাদুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাটি করেন। মামলার নথি থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার ‘এম’ ব্লকের ২৮ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। ১৫ আগস্ট উপলক্ষে তারা ওই বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।

মামলার নথিতে আরও বলা হয়েছে, অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা মুঠোফোন ও তিনটি ব্যানার জব্দ করা হয়। জব্দ করা ব্যানারে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কথা লেখা ছিল। পুলিশ জানায়, ব্যানারে সংগঠনের নেতা-কর্মীদের ছবিও ছিল।

মামলার নথি অনুযায়ী, আসামিরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। তাঁরা রাজনৈতিক কর্মসূচির নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। তাঁদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা, ষড়যন্ত্র এবং অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন