Logo

আইন ও বিচার

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৮

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ওএসডি করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।‎

‎আদেশে বলা হয়, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে বুধবার থেকে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, ডিএমপির সঙ্গে সংযুক্ত করা হলো।

‎দাউদ হোসেন গুলশান বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে গুলশান মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অফিস আদেশে সংযুক্ত কর্মস্থল হিসেবে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, ডিএমপি, ঢাকা উল্লেখ করা হয়েছে।‎

শুক্রবার গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিছিলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।

মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ। একইদিন এই মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নম্বর-১৬) হয়। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার পর্যন্ত ওই মামলায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এতসংখ্যক নেতা-কর্মীর জমায়েতের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আগে থেকেই ছিল কি না, থাকলেও এ বিষয়ে আগাম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না—ঘটনার পর তা নিয়ে প্রশ্ন ওঠে।

গত সোমবার ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গুলশানে মিছিলের বিষয়টি আলোচনা হয়। 

ওই মিছিলের পাঁচ দিনের দিন প্রশাসনিক কারণ উল্লেখ করে গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি করা হল।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন