দেশের ডিজিটাল সাংবাদিকতার অন্যতম পথিকৃত, অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চিফ অব রিপোটিং মাইনুল আলমসহ প্রতিষ্ঠানটির একাধিক জ্যেষ্ঠ সাংবাদিক ও তার সহকর্মীরা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকর্মীদের সূত্রে জানা গেছে, কয়েকদিন
আগে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান তৌফিক ইমরোজ খালিদী। গত বৃহস্পতিবার লন্ডনের
স্থানীয় সময় রাতে তিনি হোটেল কক্ষে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে
করে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা
জানান, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) আক্রান্ত হয়েছিলেন এবং চিকিৎসাধীন অবস্থাতেই
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য
বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা
ও গণমাধ্যম অঙ্গনের এক সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ২০০৬ সালে তার নেতৃত্বে
ও নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নতুন রূপে যাত্রা শুরু করে। তাঁর
দূরদর্শী নেতৃত্বেই প্রতিষ্ঠানটি দেশের প্রথম সার্বক্ষণিক ও পূর্ণাঙ্গ অনলাইন সংবাদ
সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে এবং দেশের ডিজিটাল সংবাদমাধ্যমের ধারায় বিপ্লব ঘটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্ব
নেওয়ার আগে খালিদী দেশের অন্যতম ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর নিউজ এডিটর
হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে
ব্রডকাস্টার, উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে দীর্ঘ সময় সুনামের সঙ্গে কাজ করেন।
ব্রডকাস্ট, প্রিন্ট ও ডিজিটাল—সংবাদমাধ্যমের তিন রূপেই তাঁর দীর্ঘ
ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা ছিল।
ডিজিটাল গণমাধ্যমে অনন্য অবদান এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার ক্ষেত্রে
ভূমিকা রাখার জন্য ২০১৭ সালে তাকে সরকারের পক্ষ থেকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(আইসিটি) পুরস্কারে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশ, সম্পাদকীয় নীতি নির্ধারণ এবং তরুণ সাংবাদিকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান ও তুলে আনার ক্ষেত্রে তৌফিক ইমরোজ খালিদীর অবদান সর্বজনস্বীকৃত। তার আকস্মিক প্রয়াণে দেশের সংবাদমাধ্যম ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

