‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধনের তারিখ পরিবর্তন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৫:৪৫
ছবি : বাংলাদেশের খবর
নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে।
রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন, `আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর রোববার-বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা করে আমরা এখন ১৮ নভেম্বর লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানান, একই দিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে। এজন্য দুটি অনুষ্ঠান একসঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “লঞ্চিংয়ের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আইনের আলোকে আমাদের দায়িত্ব পালন করছি। যাদের নিবন্ধন সংক্রান্ত কিছু ঘাটতি আছে, তারা চাইলে আপিল বা সংশোধনের আবেদন করতে পারেন। কমিশন তাদের আবেদন বিবেচনায় নেবে কি না, সেটা পরবর্তী সিদ্ধান্তের বিষয়।’
আপিল করার প্রক্রিয়া সম্পর্কে সচিব বলেন, ‘আপিল করতে হলে সচিবালয়ের মাধ্যমে সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আবেদন করতে হয়। আপিলের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি-তারা চাইলে আগামীকালও আবেদন করতে পারেন।”
এক প্রশ্নে আখতার আহমেদ বলেন, ‘আমরা আইনের বাইরে কিছু করছি না। কিছু আবেদন না মঞ্জুর করা হয়েছে নির্দিষ্ট শর্তের আওতায়। কেউ যদি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন।’
সংলাপ প্রসঙ্গে সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ পেলেই ইসি সংলাপের সময়সূচি ঠিক করবে।
কেপিআই এলাকায় রাজনৈতিক সমাবেশ বিষয়ে তিনি বলেন, ‘কেপিআই একটি সংবেদনশীল স্থান। সেখানে সবাইকেই আইন ও নিরাপত্তাবিধি মেনে চলতে হবে।’
সাংবাদিকদের প্রশ্নে আমজনতার দলের তারেক রহমানের মন্তব্য নিয়ে তিনি বলেন, ‘যদি নিবন্ধন ছাড়াই কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়, সেটি আইনগতভাবে কমিশন বিবেচনা করবে। আপিল ছাড়া নিবন্ধন দেওয়ার সুযোগ নেই, তাই আমি আপিলের কথাই বলেছি।’
শেষে সচিব সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল ও অংশীজন আইনি কাঠামোর মধ্যে থেকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করুক।’
- এসআইবি/এমআই

