ঈদযাত্রা : ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। সোমবার (৯ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের যাত্রার টিকিট।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
এর আগে গত ৩ মার্চ থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ ১৯ মার্চের টিকিট বিক্রির মধ্য দিয়ে এবারের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শেষ হচ্ছে।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে কেনা অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না।
অন্যদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ মার্চ থেকে। ওই দিন ২৩ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। পরবর্তী দিনগুলোতে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।
এমবি

