সৌদি আরবে বিমান হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার নিন্দা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:২১
সৌদি আরবে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং নিরীহ মানুষের প্রাণহানি রোধে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় সরকার গভীরভাবে শোকাহত।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বাচ্চু মিয়া এবং টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার মোশাররফ হোসেন।
আহত বাংলাদেশিরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।
এছাড়া নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে বলে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরীহ মানুষের প্রাণহানি ঘটায় এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকার সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি প্রশমিত করতে এবং অঞ্চলে আরও প্রাণহানি রোধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরিস্থিতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এমবি

