Logo

জাতীয়

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৫:২০

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি

‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ দ্রুত জাতীয় সংসদে আইন হিসেবে পাস করার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। সংগঠন দুটির মতে, জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকজনিত মৃত্যু কমাতে সংসদের প্রথম অধিবেশনেই অধ্যাদেশটি আইন হিসেবে পাস করা জরুরি।

বুধবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে তামাক ব্যবহারের কারণে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়। তামাক ব্যবহার ও উৎপাদনের ফলে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতির আর্থিক মূল্য বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে অর্জিত রাজস্বের তুলনায় দ্বিগুণেরও বেশি। বর্তমানে দেশে প্রাপ্তবয়স্কদের প্রায় ৩৫ শতাংশ তামাক ব্যবহার করেন।

বক্তারা বলেন, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর না হলে জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর তামাকের ক্ষতিকর প্রভাব আরও বাড়তে থাকবে। সরকার তাদের নির্বাচনী ইশতেহারে তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনি উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তারা আরও বলেন, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি সংসদের প্রথম অধিবেশনেই আইন হিসেবে পাস করা হলে নতুন প্রজন্ম ই-সিগারেট, ভ্যাপসহ বিভিন্ন ক্ষতিকর নিকোটিন পণ্যের ব্যবহার থেকে বিরত থাকবে। একই সঙ্গে শিশু ও নারীসহ অসংখ্য অধূমপায়ী পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা পাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আত্মার কনভেনার মর্তুজা হায়দার লিটন, কো-কনভেনার মিজান চৌধুরী এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

আত্মার কো-কনভেনার নাদিরা কিরণের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার তামাক নিয়ন্ত্রণবিষয়ক প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার। এছাড়া বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর