Logo

জাতীয়

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০০:০৮

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ ভারত বিবেচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বৃহস্পতিবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই ধরনের অনুরোধ করেছে। ভারতের প্রয়োজন এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

রণধীর জয়সোয়াল আরও জানান, ভারত প্রতিবেশী দেশগুলোতে বড় আকারে পরিশোধিত পেট্রোপণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতকে অনুরোধ করেছে এবং সেই অনুরোধ বিবেচনা করা হচ্ছে।

তিনি ভারতের নুমালিগড় শোধনাগার থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহের নিয়মিত চলাচলের কথাও উল্লেখ করেন। ২০০৭ সাল থেকে সড়ক, রেল ও পাইপলাইনের মাধ্যমে এই সরবরাহ অব্যাহত রয়েছে।

২০১৭ সালে দুই দেশের মধ্যে ডিজেল কেনাবেচার চুক্তিও সই হয়। চুক্তিতে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন অংশগ্রহণ করে। সেই চুক্তি অনুযায়ী ডিজেল সরবরাহ চলমান।

গতকাল বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর দুই দেশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছিল, বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে। আজ রণধীর জয়সোয়াল জানান, সেই অনুরোধ এখন বিবেচনাধীন।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর