বাংলাদেশের নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০০:৪২
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ (১২ মার্চ) শুরু হয়েছে। এতে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক নবনির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) পাঠানো চিঠিতে সর্দার আয়াজ সাদিক বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের মাধ্যমে দুই দেশের জনগণ একে অপরের সঙ্গে সংযুক্ত।
চিঠিতে তিনি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের বর্তমান নেতৃত্বের অধীনে দুই দেশের সংসদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে।
এর পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় দল থেকে পদত্যাগ করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

