ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৫:৪৩
সাবেক সচিব মো. আমিনুল ইসলামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বলেছে, আমিনুল ইসলাম চুক্তিতে এক বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি পদে দায়িত্ব পালন করবেন।
অর্থ পাচার ও বিদেশে সম্পদ কেনার অভিযোগ ওঠার পর ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম গত রোববার পদত্যাগ করেন। এরপর সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়। তার পরদিনই সেখানে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হল।
আমিনুল ইসলাম কর্মজীবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। এ ছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহীর চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা, বগুড়ার এনডিসি এবং খুলনা জেলায় সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে তাঁকে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কর্মকর্তা’ হিসেবে সম্মাননা পুরস্কার দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আওয়ামী লীগ সরকারের সময় ২০২১ সালের ৩০ ডিসেম্বর যুগ্ম সচিব হিসেবে অবসরে যান। সে সময় তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব ছিলেন। বিগত অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়া আমিনুল ইসলামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলায়।

