Logo

জাতীয়

ঈদের ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৫:৪৯

ঈদের ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আগে এবং পরে সড়ক, নৌ ও রেলপথে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেনিএক হাজার ২৮৮ জন।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। এর মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের এই ১৫ দিনে সারাদেশে শুধু সড়ক দুর্ঘটনাতেই ৩৫১ জন নিহত এবং অন্তত এক হাজার ৪৬ জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় এবার প্রাণহানি আট দশমিক ২৬ শতাংশ এবং দুর্ঘটনা আট দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। মোট দুর্ঘটনার ৪৩ শতাংশই ঘটেছে জাতীয় মহাসড়কে।

প্রতিবেদনে আরো বলা হয়, সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং এক হাজার ২৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত এবং নৌপথে আটটি দুর্ঘটনায় আট জন নিহত, ১৯ জন আহত ও তিন জন নিখোঁজ রয়েছেন। ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

প্রতিবারের মতো এবারো দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ঈদে ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন প্রাণ হারিয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬ দশমিক ১২ শতাংশ এবং নিহতের ৩৮ দশমিক ৪৬ শতাংশ। এ ছাড়া দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে ২৭ দশমিক ১৬ শতাংশ মোটরসাইকেল, ১৭ দশমিক ৭৩ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান এবং ১৬ দশমিক ২২ শতাংশ যাত্রীবাহী বাস ছিল।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, নতুন সরকার আসলেও পরিবহন খাতে পুরোনো আমলা এবং মালিক-শ্রমিক নেতাদের মাফিয়া স্টাইল রয়ে গেছে। সরকারের ঈদ ব্যবস্থাপনা সভায় যাত্রী বা নাগরিক সমাজের কোনো প্রতিনিধি রাখা হয়নি। পরিবহন মালিকরা একচেটিয়া সুবিধা নিতে ভাড়া নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার ফলে সড়ক দুর্ঘটনা বেড়েছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন