সংগৃহীত
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। সশরীর পাঠদানের পাশাপাশি সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালুর বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রস্তুত করেছে, যা আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। বৈঠকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রস্তাব অনুযায়ী, মহানগর এলাকার স্কুল ও কলেজগুলোতে সপ্তাহে ৩ দিন অনলাইন এবং ৩ দিন সশরীর ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, একদিন অনলাইন ক্লাস হলে পরবর্তী দিন সশরীর ক্লাস নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো আপাতত এই পরিকল্পনার বাইরে থাকতে পারে বলে জানা গেছে।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার বিকল্প পদ্ধতি হিসেবে অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
দীর্ঘ রমজান ও ঈদুল ফিতর- এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি সংকট নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমানো এবং শিক্ষার্থীদের যাতায়াত সীমিত রাখতে আংশিক অনলাইন পাঠদানকে কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
এখন সবার নজর মন্ত্রিসভার বৈঠকের দিকে- সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পায় কি না।
বাংলাদেশেরখবর/আরকে

