প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৬:০২
বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ছুটি কমপক্ষে তিনদিন করাসহ প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
এসময় হিন্দু সম্প্রদায় এবারের নির্বাচনে বিএনপিকে সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
হিন্দু সম্প্রদায়ের সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) আমাদের সব সমস্যার কথা ধৈর্য সহকারে শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানেরও আশ্বাস দিয়েছেন।’
সন্তোষ শর্মা জানান, বাংলাদেশের হিন্দুদের যেসব সমস্যা আছে সেগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। তাদের দাবির মধ্যে আছে- অর্পিত সম্পত্তি আইন; হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিবর্তে ফাউন্ডেশন করা; দেবোত্তর সম্পত্তি আইন করা; সংখ্যালঘু সুরক্ষা আইন জারি এবং পৃথক সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠন।
সেই সঙ্গে দুর্গাপূজার ছুটি কমপক্ষে তিনদিন করা; ২০২৪ সালের ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের যেসব লোকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাহার; সংখ্যালঘুদের জন্য জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ফেসবুকে নানা রকম মিথ্যা প্রচারণার অভিযোগে যেসব হত্যাকাণ্ড, লুটপাট ও ধ্বংসযজ্ঞ হয়েছে, সেগুলোর বিচারের দাবি জানানো হয়।
সন্তোষ শর্মা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বলেছেন যে পর্যায়ক্রমে বিচার করা হবে।

