Logo

জাতীয়

স্পিকারের সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:১৫

স্পিকারের সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। 

এসময় তারা ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক সংযোগ (কানেক্টিভিটি) এবং সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এক শক্তিশালী ও অবিচ্ছেদ্য দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি হয়েছে। ভারত সরকার সে সময় সর্বতোভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভারত যে সমর্থন দিয়েছে, তা প্রতিবেশীর প্রতি সহযোগী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির অনন্য বহিঃপ্রকাশ। 

বর্তমান সংসদ সম্পর্কে স্পিকার বলেন, বর্তমান জাতীয় সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং এখানে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রণয় ভার্মা দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপের গুরুত্ব তুলে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদীয় প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। 

বৈঠকে উভয় পক্ষই জনগণের মধ্যে যোগাযোগ (পিপল-টু-পিপল কন্টাক্ট) বাড়ানো এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা ‘স্পিকার’ পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে দেশটির সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার হিসেবে তুলে দেন।

এ সময় ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন