Logo

জাতীয়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:০০

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির ২০২৬ সালের তালিকা প্রকাশ করেছে নিউইয়র্ক ভিত্তিক বিখ্যাত সাময়িকী টাইম। এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রকাশিত এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং পোপ লিও চতুর্দশ-এর মতো বিশ্বনেতাদের পাশে তাঁর নাম উঠে এসেছে।

টাইম ম্যাগাজিন তারেক রহমানের জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে লিখেছে, মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। গত ১৭ বছর জন্মভূমি থেকে দূরে থাকার পর গত ফেব্রুয়ারিতে এক বিশাল জনসমর্থন ও নির্বাচনী জয়ের মাধ্যমে তিনি দেশের শাসনভার গ্রহণ করেন।

ম্যাগাজিনটি উল্লেখ করেছে, তারেক রহমানের এই বিজয় এসেছে এক শোকাবহ মুহূর্তেতাঁর মা এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর মাত্র কয়েকদিন পর। দায়িত্ব গ্রহণের পর টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছিলেন, তাঁর মূল লক্ষ্য হবে ১৭ কোটি ৫০ লাখ মানুষকে ঐক্যবদ্ধ করা এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা।

টাইম তাদের বিশ্লেষণে আরও বলেছে, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্বের মতো অভ্যন্তরীণ সমস্যা সমাধানের পাশাপাশি ভারতের সাথে শীতল হয়ে পড়া কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করাও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। অতীতে তাঁর বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগগুলো আদালত কর্তৃক খারিজ হয়ে গেলেও, নতুন সরকারের জন্য হানিমুন পিরিয়ড খুব একটা দীর্ঘ হবে না বলে ধারণা করছে সাময়িকীটি।

সাক্ষাৎকারে তারেক রহমান ঐক্যের ডাক দিয়ে বলেছিলেন, আমাদের একসাথে কাজ করতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে পারে।

তালিকায় তারেক রহমান ছাড়াও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মতো প্রভাবশালী ব্যক্তিরা স্থান পেয়েছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন