হাম : ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৪৫
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৮:৩৮
সংগৃহীত
দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৪৪৫ জন শিশুর।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ২ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল এবং বাকি ৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হয়ে হামে মৃত্যু হয়েছে ৫৪ জনের, আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭২৬ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪২ হাজার ৯৭৯ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এ পর্যন্ত ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩৬০ জন।
উল্লেখ্য, এসব তথ্য গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

