Logo

জাতীয়

প্রতিবন্ধী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৫:২৭

প্রতিবন্ধী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতা যে মেধা ও ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই নয়, তা প্রমাণ করেছেন কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম। এবার ওই তরুণ উদ্ভাবকের নিজের হাতে বানানো বিশেষ স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ জুগিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অভাবনীয় দৃশ্য দেখা যায়। এদিন প্রতিবন্ধী ওয়াকিমুলকে তার বানানো গাড়িসহ কার্যালয়ে ডেকে পাঠান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ওই বিশেষ গাড়িটির চালকের আসনে বসে আছেন ওয়াকিমুল নিজে, আর তার পাশেই যাত্রীর আসনে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িতে বসেই হাসিমুখে ওয়াকিমুলের সঙ্গে কথাও বলেছিলেন তিনি।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী গাড়িটির বানানোর প্রক্রিয়া সম্পর্কে তরুণের কাছে বিস্তারিত জানতে চান।

গাড়িটি আরও উন্নত করার সম্ভাবনা, কাজে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেসবের সম্ভাব্য সমাধান নিয়েও তরুণ উদ্ভাবকের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রশ্নের জবাবে ওয়াকিমুল জানান, উদ্ভাবিত গাড়িটির বানানো এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। এখন পর্যন্ত মাত্র ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

ছেলের এমন সাফল্যের দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন ওয়াকিমুলের বাবাও। দেশের সরকারপ্রধানের কাছ থেকে সরাসরি এমন উৎসাহ ও অনুপ্রেরণা পেয়ে দারুণ উচ্ছ্বসিত ওয়াকিমুল ও তার পরিবার।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন