শিক্ষা উন্নয়নে বাংলাদেশ-থাইল্যান্ড সহযোগিতা জোরদার, অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ দুই দেশের
শিক্ষা ডেস্ক :
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৭:১১
সংগৃহীত
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। তিনি বলেছেন, শিক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময় দুই দেশের জন্যই উপকারী হতে পারে এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী থাইল্যান্ড।
বুধবার (১৩ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–এ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ–এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন তিনি।
থাই রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আন্তরিকতা প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষার্থীদের শেখার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং বিদ্যালয় নেতৃত্ব উন্নয়নে বাংলাদেশ যে গুরুত্ব দিচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি আরও বলেন, থাইল্যান্ড তাদের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশাসনিক অভিজ্ঞতা বাংলাদেশকে জানাতে এবং সহযোগিতা করতে প্রস্তুত।
বৈঠকে থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, থাইল্যান্ডের শিক্ষা ব্যবস্থার কার্যকর দিকগুলো সরাসরি পর্যবেক্ষণ করে বাংলাদেশ শিক্ষক প্রশিক্ষণ, প্রধান শিক্ষক নেতৃত্ব উন্নয়ন এবং অন্যান্য কারিগরি সহযোগিতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি বলেন, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও এখনো শিক্ষার্থীদের শেখার সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। বিশেষ করে শিক্ষক সংকট ও দক্ষ নেতৃত্বের অভাব শিক্ষার মানোন্নয়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ প্রাথমিকভাবে থাইল্যান্ডের শিক্ষা ব্যবস্থার একটি বাস্তবভিত্তিক ও পূর্ণাঙ্গ পর্যালোচনা করতে আগ্রহী। এ লক্ষ্যে দুই দেশের শিক্ষা বিশেষজ্ঞদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা প্রশাসন পর্যবেক্ষণ এবং নেতৃত্বভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এবং থাইল্যান্ড দূতাবাসের কর্মকর্তারা।
বাংলাদেশেরখবর/আরকে

