Logo

জাতীয়

রোহিঙ্গাদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতায় ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৯:২০

রোহিঙ্গাদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতায় ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে ২০ লাখ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড সরকার। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) রোববার  (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআর জানায়, নতুন এই অর্থায়ন মূলত রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করা হবে। দীর্ঘদিন ধরে অর্থের অভাবে এসব গুরুত্বপূর্ণ খাতে কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধতা ছিল।

মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের মুখে পালিয়ে আসার প্রায় এক দশক পরও বাংলাদেশে প্রায় ১২ লাখ রাষ্ট্রহীন রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। সীমিত কর্মসংস্থানের সুযোগের কারণে তাদের অধিকাংশই মানবিক সহায়তা ও ত্রাণের ওপর নির্ভরশীল।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাত্র ২৩ শতাংশ রোহিঙ্গা পরিবার কাজের বিনিময়ে অর্থপ্রাপ্তির কর্মসূচির মাধ্যমে আয় করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ৪২ শতাংশ পরিবারের আয় এসেছে অস্থায়ী ও অনিশ্চিত উৎস থেকে, আর ৩৫ শতাংশ পরিবারের কোনো আয়ই ছিল না।

তহবিল সংকটের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে নারী, কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্করা। পাশাপাশি ২০২৪ সালের শুরু থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গার অনেকেই শিবিরে পর্যাপ্ত জায়গার অভাবে এখনো উপযুক্ত আশ্রয় সুবিধা পাচ্ছেন না।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, “রোহিঙ্গা সংকট বর্তমানে অত্যন্ত নাজুক এক পর্যায়ে রয়েছে। কমে আসা অর্থায়ন, শিবিরের অবনতিশীল পরিস্থিতি, বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকি এবং মিয়ানমারের চলমান অস্থিতিশীলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন সময়ে ফিনল্যান্ডের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারি আহমেদ বলেন, “ফিনল্যান্ড বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে রয়েছে। শুধু জরুরি সহায়তা নয়, তাদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রেও বিনিয়োগ জরুরি।”

উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীসহ মোট ১৫ লাখ ৬০ হাজার মানুষের সহায়তায় জাতিসংঘের ২০২৬ সালের পরিকল্পনায় ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলার প্রয়োজন। তবে এখন পর্যন্ত এ তহবিলের প্রায় ৬০ শতাংশ অর্থায়ন নিশ্চিত হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন