বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সাথে সাক্ষাৎ করছেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো
ঢাকা-রোম রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি এবং বিমান খাতে বাংলাদেশ-ইতালি সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় ইতালির রাষ্ট্রদূত জানান, ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এজন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট ফ্রিকুয়েন্সি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
বৈঠকে ইতালীয় প্রতিষ্ঠান The Edge Company বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য Bird Control Management System (BCMS) স্থাপনে আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশি টেকনিশিয়ানদের দক্ষতা উন্নয়নে Flyon Aero-এর প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনাও তুলে ধরা হয়।
মন্ত্রী দেশের বিমান খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। এছাড়া বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
এর আগে মন্ত্রী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান SATS-এর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
এ বিষয়ে মন্ত্রী যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং তা বিবেচনার আশ্বাস দেন।
বিমান যোগাযোগ সম্প্রসারণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে আরও আধুনিক ও গতিশীল করে তুলতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে বৈঠকগুলোতে প্রতিফলিত হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

