২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৯:০০
সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৫ জনের শরীরে হামের লক্ষণ বা উপসর্গ দেখা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। আর হামের তীব্র উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৫৯৩ জন।
একই সময়ে সারা দেশে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯৭ জনের শরীরে। আর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ৯৪ হাজার ৭৬৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৩০৮ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ২৬১ জনে।
বাংলাদেশেরখবর/আরকে

