রোববার শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন:
কোন শিশুরা ক্যাপসুল পাবে, কারা পাবে না
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৮:০৭
সংগৃহীত
অন্ধত্ব প্রতিরোধ, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে দীর্ঘ প্রায় ১৪ মাস পর দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের নির্ধারিত কেন্দ্রগুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী, সব শিশু এ ক্যাপসুল গ্রহণের উপযোগী নয়। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ক্যাপসুল না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে
হালকা জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া কিংবা অপুষ্টিতে ভুগলেও ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে। এসব সাধারণ স্বাস্থ্যগত সমস্যা ক্যাম্পেইনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা হিসেবে বিবেচিত হবে না।
যেসব শিশু ক্যাপসুল পাবে না
যেসব শিশুর বয়স এখনো ৬ মাস পূর্ণ হয়নি, তারা এ ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে না।
গত ২৮ থেকে ৩০ দিনের মধ্যে অন্য কোনো কারণে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে—এমন শিশুদের পুনরায় ক্যাপসুল দেওয়া হবে না।
কোনো শিশু গুরুতর অসুস্থ থাকলে বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো শারীরিক অবস্থায় থাকলে, তার সুস্থ না হওয়া পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।
বয়সভেদে দুই ধরনের ক্যাপসুল
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শিশুদের বয়স অনুযায়ী দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হবে।
- ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের দেওয়া হবে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
- ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দেওয়া হবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান বা ক্যাম্পেইন কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

