Logo

জাতীয়

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৬:৪১

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা বিইউপির সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম।

সভার শুরুতে তিনি বিদায়ী সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। তিনি বক্তব্যে বলেন, বিইউপি বয়সে নবীন হলেও তার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা নিয়মিত প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা, সেমিনার, কর্মশালা এবং উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন, যা বিইউপির ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করছে। বিইউপি শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা এবং নৈতিকতার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করে। শিক্ষার্থীদের সুশৃঙ্খল, নৈতিকতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিইউপি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বিইউপি নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা, চরিত্র গঠন ও সমাজের প্রতি দায়বদ্ধতা এবং দেশপ্রেম জাগ্রত করতে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য, জাতীয় দিবসগুলোর তাৎপর্য ও মাহাত্ম্য তুলে ধরে আলোচনা সভা, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম উল্লেখ করেন, গবেষণালব্ধ জ্ঞান দেশ-বিদেশে ছড়িয়ে দিতে বিইউপি থেকে নিয়মিত একাধিক আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা জার্নাল প্রকাশ করা হচ্ছে।

সিনেট চেয়ারম্যান বলেন, চতুর্থ শিল্পবিপ্লব ও দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিইউপি এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে, যেখানে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতার ওপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। যার ফলে অল্প সময়ের মধ্যেই শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সভায় জানানো হয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর পশ্চিম ক্যাম্পাসে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ সাধিত হয়েছে। আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন ১৪ তলা তিনটি একাডেমিক ভবন (এফএএসএস, এফএসটি এবং ইউটিলিটি বিল্ডিং), শিক্ষার্থীদের জন্য পৃথক দুইটি ১৪ তলা আবাসিক হল এবং শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর জন্য ১৪ তলা দুইটি আবাসিক ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে।

বক্তব্যের শেষাংশে চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিকীকরণের ধারাকে আরও বেগবান করতে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ বৃদ্ধি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুসাংস্কৃতিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে বিইউপি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। 

এ ছাড়া বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকা ও ২০২৬-২০২৭ অর্থবছরের ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা ট্রেজারার-এর বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। এ ছাড়া সিনেট সভায় ১৮তম বার্ষিক প্রতিবেদন উপস্থাপিত ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ১৮তম বার্ষিক সিনেট সভাটি সঞ্চালনা করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান।

বার্ষিক সিনেট সভায় সংসদ সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন