দেশে একদিকে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচ শিশুর এবং ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও ডেঙ্গুর কারণে মোট ১ হাজার ৪৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকার এবং একজন ময়মনসিংহের বাসিন্দা। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ শিশু, যার মধ্যে ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৭৭ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৭৬ শিশুর এবং হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ শিশুর, শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ শিশু, যার মধ্যে ৯৩ হাজার ২৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিশ্লেষকদের মতে, গত অন্তর্বর্তী সরকারের সময়ে টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণেই এবার হামের নজিরবিহীন প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত আড়াই দশকে দেশে হামের সংক্রমণ কখনো ৫০ হাজার ছাড়ায়নি। সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছিল ২০০৫ সালে, ২৫ হাজার ৯৩৪ জন। এরপর কয়েক বছর রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসে। ২০২৫ সালে শনাক্ত হয়েছিল মাত্র ১৩২ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং ৩৯১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬০ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৭২ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ১৬ জন, রাজশাহীতে ১২ জন, রংপুরে ছয়জন এবং সিলেটে দুজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৭০ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৪৬০ জন এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮০ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে হাম ও ডেঙ্গু—দুই রোগের সংক্রমণই জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি মশা নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
বাংলাদেশেরখবর/আরকে

