Logo

জাতীয়

উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার আশঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২০:৪০

উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার আশঙ্কা

# ঝুঁকিতে রংপুরের পাঁচ জেলা

# শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ–নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমলেও আগামী তিন দিনে আবারও বাড়তে পারে। এ কারণে রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে, মৌসুমি বায়ু আর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে ওঠায় দেশের আট বিভাগেই হতে পারে বৃষ্টি। কোথাও কোথাও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) তিস্তা, ধরলা ও দুধকুমার নদ–নদীর পানি কমেছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানি বাড়তে পারে। কোথাও কোথাও পানি বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ–নদীর পানি বাড়তে পারে বলেও জানানো হয়েছে। এতে ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। একই সঙ্গে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট অঞ্চলের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বেড়েছে, তবে সুরমা নদীর পানি কমেছে। আগামী তিন দিনে দুই নদীর পানিই আবার বাড়তে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফেনী, মুহুরী, গোমতী ও সিলোনিয়া নদীর পানি কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি কিছুটা বাড়তে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে।

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা: শ্রাবণ মাসের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার সারাদেশে কিছুটা কম বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে সিলেটে ৩৫ মিলিমিটার। তবে শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে আকাশ রয়েছে মেঘে ঢাকা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু আর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে ওঠায় দেশের আট বিভাগেই হতে পারে বৃষ্টি। কোথাও কোথাও ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় বিরাজমান লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সমুদ্র উপকূল ছাড়াও দেশের মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন