দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনই সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৭৩ জন।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬৮৯ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ জন। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

