চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, তার সফরসূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের একদিন আগেই দেশে ফেরেন।
স্পিকারের এই আগাম প্রত্যাবর্তনের ঘটনা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন—এমন খবর প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
তবে স্পিকারের আগাম দেশে ফেরার সঙ্গে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশের খবর/এইচআর

