Logo

জাতীয়

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৫.৪ শতাংশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৮:৫৩

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৫.৪ শতাংশ

সদ্য সমাপ্ত জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে) এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে বৈধ চ্যানেলে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ কোটি ১০ লাখ ডলার, যা প্রবৃদ্ধির হিসাবে ১৫ দশমিক ৪ শতাংশ।

এর আগে, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ২৮২ কোটি মার্কিন ডলার। ফলে ধারাবাহিকভাবে দ্বিতীয় মাসেও ২৮০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) পুরো ১২ মাসে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলারেরও বেশি, যা প্রায় ১৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির সমান।

এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের নতুন রেকর্ড।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডির মতো অবৈধ অর্থপাচার পদ্ধতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগ, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং ডিজিটাল মাধ্যমে সহজে অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধি পাওয়ায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। তাদের আশা, এসব উদ্যোগ অব্যাহত থাকলে সামনের মাসগুলোতেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় থাকবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন