দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৯:০৬
দেশের স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সব ৩০ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নতুন শিশু হাসপাতাল স্থাপন এবং ক্যান্সার ও কিডনি রোগের চিকিৎসা জেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শাহ আলম বীর-উত্তম অডিটোরিয়ামে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ড. এম এ মুহিত বলেন, দেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠতে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। শুধু নতুন হাসপাতাল নির্মাণ নয়, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ, আধুনিক অবকাঠামো গড়ে তোলা, গবেষণার সুযোগ বাড়ানো এবং স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের মাধ্যমে একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।
চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক সংকটের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এটি দেশের অন্যতম ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানে বহু অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। শুধু একটি প্রতিষ্ঠানের সংকট সমাধান নয়, সারা দেশের চিকিৎসক ও শিক্ষক সংকট নিরসনে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। স্বাধীনতার পর চলতি অর্থবছরেই এ খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।
স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগ প্রতিরোধে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে ১০ জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে ড. এম এ মুহিত বলেন, চিকিৎসা পেশা মানবসেবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। দক্ষতা অর্জন, গবেষণায় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মানের জ্ঞানচর্চার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নিতে হবে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে আন্তর্জাতিক মানের গবেষণার পরিবেশ তৈরি, ই-জার্নাল ব্যবহারের সুযোগ বৃদ্ধি এবং পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণের মানোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
এ ছাড়া অনুষ্ঠানে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, উপ-পরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, উপাধ্যক্ষ ডা. মো. আব্দুর রব, চট্টগ্রাম ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশেরখবর/আরকে

