ছবি: সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সবশেষ ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধন করেছেন, সেই হিসাবে সবশেষ ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫।
গত ১৪ মে থেকে ৩১ জুলাই ভোটারের সংখ্যা তিন লাখ ৯৩ হাজার ১৫ বেড়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, পরবর্তী নির্বাচনের আগে যদি ভোটার হওয়ার তারিখ পরিবর্তন হলে, কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকা হিসেবে আসবে।
তিনি বলেন, গত ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি, কোনো নামের বিষয়ে আপত্তি এবং তথ্য সংশোধনের জন্য আবেদন করা যাবে। এ জন্য যথাক্রমে ফরম ৬, ৭ ও ৮ ব্যবহার করতে হবে, জানান তিনি।
ইসি জানিয়েছে, আগামী ২৪ আগস্ট পর্যন্ত এসব দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন করা যাবে। সংশোধনকারী বা আপিল কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করবেন। সিদ্ধান্তগুলো ২৮ আগস্টের মধ্যে হালনাগাদ তালিকায় যুক্ত করা হবে।
সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।
সর্বশেষ চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১, নারী ছয় কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ এবং হিজড়া ভোটার ছিলেন এক হাজার ২৪৩ জন। আপিল ও সংশোধন শেষে চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিমালার গেজেট আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণবিধিমালার গেজেট রোববার আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঁচটি সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণবিধিমালা। তবে আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াধীন আছে। এটা সম্পন্ন হয়ে গেলে সেটাও পাঠিয়ে দেবো।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আমরা রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু করেছি। বিএনপির প্রতিনিধি দল এসে সকালবেলা দুইটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখন পর্যন্ত আর কেউ, কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেননি। শুধু বিএনপি নিয়েছে। দুজন এসেছিলেন, দুইটা ফর্ম নিয়েছেন; রুহুল কবির রিজভী আহমেদ এবং নূরুল ইসলাম মণি।
বাংলাদেশের খবর/আরইউ

