চলতি বছরে ডেঙ্গু রোগী ছাড়াল ২০ হাজার, ১০ দিনেই আক্রান্ত ৪,৭৬১
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৯:৫৫
দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি বছরে ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। বিশেষ করে আগস্টের শুরু থেকেই আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে দেখা যাচ্ছে। চলতি মাসের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৭২৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৬১ জনেই রয়েছে।
সোমবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জুলাইয়ে সর্বোচ্চ আক্রান্ত
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে জুলাই মাসে। ওই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এর আগের মাস জুনে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন।
বছরের শুরুতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন এবং মে মাসে ৭১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
এরপর জুন ও জুলাইয়ে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে। আগস্টের প্রথম ১০ দিনেই আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৬১ জনে পৌঁছানোয় দেশে ডেঙ্গু পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে আগস্টে আক্রান্তের ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় পরিস্থিতি মোকাবিলায় মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

