ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী ২৭ আগস্ট। সেদিন বেলা ৩টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এই অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় মঙ্গলবার (১১ আগস্ট) এই তথ্য জানিয়েছে।
সংসদ সচিবালয়ের সূত্র জানায়, সাধারণত বছরের এই সময়ে ডাকা অধিবেশন খুব একটা দীর্ঘ হয় না। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় মূলত এই অধিবেশন ডাকা হয়ে থাকে। এ সময়ে ডাকা অধিবেশন সপ্তাহখানেক চলে।
তবে এবারের অধিবেশন কত দিন চলবে, তা অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। অবশ্য এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হওয়ার কথা রয়েছে।
সবশেষ দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে ১৫ জুলাই। গত ৭ জুন শুরু হওয়া ওই অধিবেশন চলে ২৬ কার্যদিবস। ১১ জুন সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়; ৩০ জুন তা পাস হয়।
বাজেটের ওপর সাধারণ আলোচনা হয় ১৪ কার্যদিবসে। মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিটের আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য। ওই অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে।
কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ৭১৫টি নোটিস জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা হয়।
৭১(ক) বিধিতে দুই মিনিটের ১২৫টি নোটিসের ওপর আলোচনা হয়। ১৩১ বিধিতে চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়ে পাঁচ হাজার ৩১টি প্রশ্ন। এর মধ্যে তিন হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।
এ অধিবেশনে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিসহ ১১টি কমিটি গঠন করা হয়। কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
এরই মধ্যে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় এ পদের কার্যভারের দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে।
বাংলাদেশের খবর/আরইউ

