হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৯
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২০:০১
দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ জন শিশু।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া আরও ৯৮ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৭২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। বর্তমানে ৮১২ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জনে। তাদের মধ্যে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জনের।
এ সময়ে আক্রান্তদের মধ্যে ১ লাখ ২০ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানে দেশের হাম পরিস্থিতির ব্যাপকতা স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
বাংলাদেশেরখবর/আরকে

