Logo

জাতীয়

রাষ্ট্রপতি পদে নির্বাচন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:২২

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে সকাল ১১টার দিকে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে দুপুর ১২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়।

নির্বাচন ভবনে নোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট হবে ২০ আগস্ট। 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে। এ নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। তাদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন