সৌরবিদ্যুতে চার্জ দিতে হবে অটোরিকশা, লাগবে নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৩:২৩
ছবি: সংগৃহীত
ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি অবশ্যই সৌর বিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ দিয়ে চার্জ দিলে জরিমানার বিধানও থাকবে।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌর বিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হলে সেই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।
মীর শাহে আলম বলেন, সৌরবিদ্যুতের বাহিরে রিচার্জ করলে এই ব্যাটারিচালিত বা ই-রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না।
এখন থেকে এসব ই-রিকশার নিবন্ধন বিআরটিএ দেবে না উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশন ও পৌরসভা নিবন্ধন দেবে। জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাশ হয়েছে এবং সেই আইনের আলোকে বিধিমালা তৈরি করা হচ্ছে। বিধিমালায় নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।
অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নে জবাবে মীর শাহে আলম জানান, সরকারের ছয় মাসের কার্যক্রমে খুব একটা সন্তুষ্ট নন।
মীর শাহে আলম বলেন, ‘ছয় মাস তো খুব কম সময়। আমরা এই সময় ঢাকা নগরীর ধরেন ময়লা, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা) নিয়ে আমরা কাজ করছি। খালগুলো নিয়ে, লেকগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করেছি।’
বর্ষাকালে ঢাকার জলজট প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্ষাকালে এবার আমার মনে হয় যে পানি যেটি জলাবদ্ধতা ঠিক না, জলজট যেটা ছিল খুব কম সময় ছিল। এজন্য আমরা অবশ্য দুঃখ প্রকাশ করেছি। এখনো করছি, আমাদের সীমাবদ্ধতা আছে।’
ছয় মাসের কাজের সামগ্রিক মূল্যায়নে প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে আমি বলব যে খুব একটা সন্তুষ্ট আমরা না। তবে কাজ যেগুলো শুরু করেছি এগুলো মাঠপর্যায়ে যখন দৃশ্যমান হবে একটু সময় লাগবে।’
তিনি বলেন, কাজ শুরু করার আগে পরিস্থিতি বুঝতে সরকারের কিছুটা সময় লেগেছে। একই সঙ্গে নতুন সরকারের কাজের ধরন বুঝতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও সময় লাগছে।
মীর শাহে আলম বলেন, ‘কারণ আমাদের তো শুরু করতে আমাদের বুঝতে কিছুদিন সময় লেগেছে, তারপরে আমাদের কাজের ধরনটা যারা আমাদের সঙ্গে কাজ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদেরও একটু বুঝতে সময় লাগছে।’
‘সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়াও এগিয়ে চলছে। কিছু ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) বা কিছু প্রকল্প আমরা অনুমোদনের জন্য প্ল্যানিংয়ে আছে, কিছু অর্থতে আছে’ বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে আমরা ছয় মাসে অনেক দূর এগিয়েছি। বিশেষ করে সারা বাংলাদেশেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি।’
তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার বিষয়টিকে বড় সীমাবদ্ধতা হিসেবে দেখছেন তিনি। মীর শাহে আলম বলেন, ‘তবে এটাও ঠিক যে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এইভাবে রান করানো অসম্ভব।’
তিনি বলেন, ‘এই নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন এই অর্থবছরের নির্বাচনের মাধ্যমে তারা চলে আসবে, তখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের গতি আরও বাড়বে, মানুষের সেবার মান আরও বাড়বে বলে আমি মনে করি।’
বাংলাদেশের খবর/আরইউ

