Logo

জাতীয়

চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৮

চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

# সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কাজ শুরু হয়েছে। তবে এসব কাজের সুফল মাঠপর্যায়ে দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে।

সোমবার স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চাইলে মীর শাহে আলম বলেন, ছয় মাস খুব বেশি সময় নয়। এর মধ্যেই ঢাকা নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, খাল ও লেক সংস্কার এবং রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, সব মিলিয়ে আমি বলব, খুব একটা সন্তুষ্ট আমরা না। তবে কাজ যেগুলো শুরু করেছি, এগুলো মাঠপর্যায়ে যখন দৃশ্যমান হবে, একটু সময় লাগবে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের কাজের ধরন ঠিক করতে এবং কোন ক্ষেত্রে কীভাবে অগ্রাধিকার দেওয়া হবে, তা নির্ধারণে কিছুটা সময় প্রয়োজন হয়েছে। একই সঙ্গে সরকারের সঙ্গে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদেরও নতুন কর্মপদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে।

তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াও এগিয়ে চলছে। কিছু উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে রয়েছে। আবার কিছু প্রকল্পের অর্থায়নের বিষয়টিও প্রক্রিয়াধীন। এসব প্রক্রিয়া শেষ হলে উন্নয়ন কর্মকাণ্ড আরও দৃশ্যমান হবে।

নগর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ: ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, খাল ও লেক সংস্কার এবং সড়ক উন্নয়নকে সরকারের চলমান কাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নগরীর পরিবেশ ও নাগরিক সেবা উন্নত করতে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কাজ চলছে। একই সঙ্গে খাল ও লেকগুলো সংস্কারের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাঘাটের উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

বর্ষা মৌসুমে ঢাকার জলাবদ্ধতা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এ বছর বৃষ্টির সময় নগরবাসীকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। এজন্য সরকার দুঃখ প্রকাশ করেছে। তবে জলাবদ্ধতা নিরসনে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর কার্যকর ফল পেতে সময় প্রয়োজন। তিনি বলেন, বর্ষাকালে এবার আমার মনে হয় যে জলজট যেটা ছিল, খুব কম সময় ছিল। এজন্য আমরা অবশ্য দুঃখ প্রকাশ করেছি। এখনো করছি। আমাদের সীমাবদ্ধতা আছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে গতিশীল করার উদ্যোগ: সারা দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে একটি কার্যকর পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকাকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বড় সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেন তিনি।

মীর শাহে আলম বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এভাবে পরিচালনা করা কঠিন। জনপ্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে দায়িত্বে ফিরে এলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের গতি বাড়বে এবং সাধারণ মানুষ আরও ভালো সেবা পাবে।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড সফল করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। এ সমন্বয় জোরদার করা গেলে সরকারের নেওয়া উন্নয়ন উদ্যোগের সুফল দ্রুত মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।

মীর শাহে আলম বলেন, সরকারের বিভিন্ন পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে রয়েছে। সময়ের সঙ্গে এসব উদ্যোগের বাস্তব অগ্রগতি জনগণের সামনে আরও স্পষ্ট হয়ে উঠবে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন