Logo

জাতীয়

কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৫:৩৪

কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার রাতে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন নিহত হন। খবর পাওয়ার পরপরই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। তবে বাকি চারজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। তাদের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতার জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। ইতোমধ্যেই উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে।

পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।


বাংলাদেশের খবর/এইচআর


আরও পড়ুন

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড, নারী-শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন