সঞ্জীবন প্রকল্পসহ ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে অগ্রগতির আশ্বাস
গভর্নরের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ২০:১৬
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর Pre-Finance সুবিধা অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। এ বিষয়ে গভর্নর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সঞ্জীবন প্রকল্পের মঞ্জুরী দ্রুত অনুমোদনের বিষয়ে আশ্বাস প্রদান করেন, যা বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভূক্তি ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
এ ছাড়া, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে Core Banking System (CBS) সফল বাস্তবায়ন ও ব্যাংকের সার্বিক আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের BSC-এর মাধ্যমে ২০৫টি পদে নিয়োগ কার্যক্রম আগামী তিনি মাসের মধ্যে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।
প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে ব্যাংকের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং CBS বাস্তবায়ন ও আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল হবে। সভায় আরও আলোচনা করা হয় যে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে নির্ধারিত সময়সীমার মধ্যে CBS বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করা হবে।
একই সঙ্গে গ্রাহকসেবা আধুনিকায়ন এবং দ্রুত, নিরাপদ ও কার্যকর আন্তঃব্যাংক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে BACH, NPSB, BEFTN/EFT এবং অন্যান্য জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থায় সদস্যপদ ও কার্যক্রম পরিচালনার উদ্যোগসমূহ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ভবিষ্যতে বেতন-ভাতা গ্রহণ, Inter-Bank Fund Transfer, ডিজিটাল পেমেন্ট, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং অন্যান্য আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের এই ইতিবাচক দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য একটি প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক ব্যাংকিং ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একটি লক্ষ্য— আধুনিক ব্যাংকিং। একটি অঙ্গীকার—বাহিনীর সদস্যদের দোরগোড়ায় নিরাপদ ও ডিজিটাল আর্থিক সেবা।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন মহোদয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ এবং ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন।
বাংলাদেশের খবর/আরইউ

