Logo

জাতীয়

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২০:২১

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে ‘এ ন্যাশনাল ডায়ালগ অন টিভিইটি ফর এ স্কিলড অ্যান্ড প্রোডাক্টিভ বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে এসে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই।

তিনি বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিশ্বজুড়ে কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের প্রবাসী কর্মীরা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এজন্য কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, এ লক্ষ্যে দেশে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপ দিতে সরকার কাজ করছে। এ জন্য পৃথক একটি প্রকল্প নেওয়ার উদ্যোগও রয়েছে।

অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মো. তরিকুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্য দেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন