Logo

জাতীয়

‎জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:০১

‎জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

‎সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। পরে তার সানফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।

‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের কাজও এগিয়ে চলছে।

‎পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

‎কর্মকর্তারা জানান, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। 

‎অধিবেশনের মূল পর্বে বক্তব্য দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

‎এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

‎এদিকে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার বিষয়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গত শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

‎যুক্তরাষ্ট্র সফরের সময় সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন