Logo

জাতীয়

‎রাষ্ট্রপতি আজ সিলেট যাচ্ছেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

‎রাষ্ট্রপতি আজ সিলেট যাচ্ছেন

‎রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

‎রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরের বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

‎সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা সোয়া ১১টার দিকে তার বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

‎পরে মোটর শোভাযাত্রা করে বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউজে পৌঁছাবেন মির্জা ফখরুল। সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।

‎দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার কথা রয়েছে তার।

‎বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি। পরে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

‎এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

‎সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতির সফরের দিন এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি আরও ২০০ সদস্য অতিরিক্ত দায়িত্বে থাকবেন। পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকেও নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন