Logo

জাতীয়

ট্রাম্প-মেলানিয়ার নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৩

ট্রাম্প-মেলানিয়ার নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা এতে অংশ নেন।

আন্তর্জাতিক পর্যায়ের এই আয়োজনে বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। নৈশভোজে বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতি রয়েছে। অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় যোগাযোগও চলছে।

এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে একটি প্রাতরাশের আয়োজন করেন। ওই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। অধিবেশনকে ঘিরে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের অংশগ্রহণে একাধিক আনুষ্ঠানিক ও কূটনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন