Logo

জাতীয়

উত্তরায় আজও সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৫

অ
উত্তরায় আজও সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট

ছবি: সংগৃহীত

বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাত-আটটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, উত্তরার আজমপুর এলাকায় সকাল ১০টা থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অফিস সময়ে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ এবং নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

এদিকে গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ নামের কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলমান আন্দোলনের পর সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে বুধবার দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট গোলচত্বরে শ্রমিকরা সড়ক অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান শ্রমিকরা।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন