ঢাকা রেঞ্জ উপমহাপরিচালকের
দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ২৩:৪৬
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার বাগমারা সার্বজনীন দুর্গা মন্দির ও বর্ধনপাড়া বড় বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।
রোববার (১৮ অক্টোবর) পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার ও তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর কার্যকর ব্যবহারের নির্দেশনা দেন। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও দ্রুত সাড়া প্রদান গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন বিভিন্ন পূজামণ্ডপের উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকেরা। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলে সহযোগিতার ক্ষেত্রে সদস্যদের সতর্কতা ও পেশাদারত্বের বিষয়টি তারা ইতিবাচকভাবে তুলে ধরেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন (২১ বিএন)-এর পরিচালক মো. সাজেদুর রহমান, আনসার-ভিডিপি ঢাকা জেলার জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান এবং নবাবগঞ্জ উপজেলা আনসার কর্মকর্তা মো. বাদল মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, দেশের বৃহত্তম জনসম্পৃক্ত শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যদের দায়িত্বশীল উপস্থিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশের খবর/আরইউ

