Logo

জাতীয়

১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে হবে ভোট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৬:০৭

অ
পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে হবে ভোট

ছবি: সংগৃহীত

আগামী বছরে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে কোন ধাপে কয়টি ইউনিয়নের ভোট হবে তা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার এক হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার এক হাজার ১৩০টি ইউপি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার এক হাজার দুটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন বর্তমানে আটকে আছে, পরবর্তীতে সেগুলো জটিলতামুক্ত হলে পঞ্চম ধাপের সঙ্গে সমন্বয় করে ভোট নেওয়া হবে।

আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরু হলে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক কর্মসূচি ভোটে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন মনে করে না এতে নির্বাচনের পরিবেশে কোনো বিরূপ প্রভাব পড়বে। বরং স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখতে তা সহায়ক ভূমিকা পালন করবে বলেই কমিশন আশা প্রকাশ করছে।

ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতীয় নির্বাচনের আদলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বরের আগেই সব রাজনৈতিক দলের সঙ্গে এই সংলাপ সম্পন্ন করা হবে। তিনি বলেন, চলতি মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিন ধরে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর মতামত ও সহযোগিতা চাওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন