Logo

মতামত

আইসিজে’র রায়; রোহিঙ্গাদের প্রত্যাবাসন তরান্বিত করবে?

Icon

অলোক আচার্য

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৬:৩৭

অ
আইসিজে’র রায়; রোহিঙ্গাদের প্রত্যাবাসন তরান্বিত করবে?

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার দায়ের কথা মামলার রায় প্রকাশিত হয়েছে। রাখাইনে সামরিক অভিযান চালিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, ব্যাপক হারে ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

নেদারল্যান্ডসের হেগে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া এই রায় ঘোষণা দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া এই রায়ে নয়জন বিচারক মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে বলে ঐকমত্যে পৌঁছেছেন। অন্যদিকে ছয়জন বিচারক এ রায়ের বিপক্ষে মতামত দেন।

রায়ে রোহিঙ্গাদের নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য মিয়ানমারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা রায়কে স্বাগত জানিয়েছেন। মানবাধিকার গোষ্ঠীসমূহ রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে। কিন্তু এই রায়ের ফলে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন তরান্বিত হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। আপাতত আন্তর্জাতিক নানা সমস্যার কারণে কম আলোচনায় থাকা রোহিঙ্গা ইস্যুটি নতুনভাবে সামনে এসেছে এবং কীভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায় সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে। রোহিঙ্গাদের ভবিষ্যত কি হবে তা নির্ধারণ করার সময় এসেছে। অন্যদিকে জান্তা সরকার আরও কিছুটা চাপে পরলো। যদিও এই চাপ জান্তা সরকারের সিদ্ধান্তে তেমন কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় না। কারণ আইসিজের রায় বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নের কোনো সরাসরি ব্যবস্থা আদালতের হাতে নেই।

ফলে মিয়ানমারের শাসকরা এসব নির্দেশ মেনে চলবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে, জাতিসংঘ সনদের ৯৪(১) অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক বিচার আদালতের সংবিধির ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী এ রায় মিয়ানমারের ওপর বাধ্যতামূলক। এটি চূড়া এবং জান্তার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের ক্ষমতায় যে-ই থাকুক না কেন, এ দায়বদ্ধতা রাষ্ট্রের ওপরই বর্তায়।  আদালত মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন, যার মধ্যে রয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্রিত করার মাধ্যমে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা, পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ প্রদান যার পরিমাণ পরবর্তীতে নির্ধারণ করা হবে। মিয়ানমার এ নির্দেশনা বাস্তয়নে কী পদক্ষেপ নিয়েছে, তা দুই বছরের মধ্যে আদালতকে জানাতে হবে।  

রোহিঙ্গারা এদেশে যখন এসেছিল তখন নেহায়েতই মানবিক কারণেই তাদের আশ্রয় দেওয়া হয়েছিল। আশা ছিল রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার বৃহৎ শক্তির দেশগুলোসহ জাতিসংঘ ও সবাই একত্রিত হয়ে দ্রুতই একটি সিদ্ধান্তে পৌঁছাবে। এটাতো অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। এসব রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। দিন যত যাচ্ছে ততই কঠিন থেকে কঠিনতর হচ্ছে রোহিঙ্গা সংকট। দিন যত গড়াচ্ছে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পথ যেন দুর্গম হচ্ছে। প্রথমেই মিয়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতি এখন চরম সংকটে। অবশ্যই দেশটিতে রোহিঙ্গারা নিরাপদ নয়। তাদের ফেলে আসা জমি, বাড়ির কী হবে সেটাও একটা প্রশ্ন। আদৌ রোহিঙ্গারা আগের মতো কবে ফিরতে পারবে তা নিয়ে গোলক ধাঁধা তৈরি হয়েছে। কারণ বিশ্ব এখন জটিল সমীকরণে রয়েছে। পরাশক্তিগুলোর রেষারেষিতে এখন একটি নতুন বাঁক অতিক্রম করছে। সেখানে এই ইস্যু নিয়ে কথা বলার সুযোগ কমই রয়েছে! যদিও রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের এখন উভয়মুখী বিপদ। সামনে এই বিপদ বাড়তে পারে।   

এখন বিশ্বের উচিত মানবিক বিষয়গুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। মিয়ানমারের পরিস্থিতি আরও অস্থির হচ্ছে। এই বিপুল সংখ্যক রোহিঙ্গার দায় একা কেন বাংলাদেশের উপর চাপবে? এর স্থায়ী সমাধান রয়েছে কিন্তু সত্যি সত্যি কতটুকু সমাধানে আগ্রহী? ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রোহিঙ্গা সংকট মোকাবেলার জন্য ৯৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার তহবিল চাওয়া হয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এর বিপরীতে গত ১১ আগস্ট পর্যন্ত ৩৩ কোটি দুই লাখ মার্কিন ডলার সহায়তা মিলেছে। এটি প্রত্যাশিত তহবিলের মাত্র ৩৫ শতাংশ। ২০১৮ সালে প্রত্যাশিত তহবিলের বিপরীতে ৭২ শতাংশ, ২০১৯ সালে ৭৫ শতাংশ, ২০২০ সালে ৬০ শতাংশ, ২০২১ সালে ৭৩ শতাংশ, ২০২২ সালে ৭০ শতাংশ, ২০২৩ সালে ৭১ শতাংশ এবং ২০২৪ সালে ৬৮ শতাংশ সহায়তা দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সংকট, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, গাজা-ইসরায়েল সংঘাত এবং আফ্রিকার রাজনৈতিক অস্থিরতায় আন্তর্জাতিক সহায়তা কমার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

এর মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একরকম ধামাচাপা পড়ে গেছে বহুল কাঙ্খিত রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। তাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা। সেই সাথে বাংলাদেশও চাপে রয়েছে। যেখানে দেশেই বেকারত্ব এবং দারিদ্রতার মতো সমস্যাগুলো মোকাবিলায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেখানে রোহিঙ্গাদের নিয়ে নতুন করে কোনো চাপ নেওয়ার অবস্থায় নেই। তাছাড়া বিশ্বকে ভুলে গেলে চলবে না আট বছর আগে বাংলাদেশ একটি সমস্যার সমাধান করেছিল যা ছিল অনেক বড়। এখন বিশ্বের উচিত এই সমস্যার স্থায়ী সমাধান করা। এতে রোহিঙ্গাদেরও ভবিষ্যত নিশ্চিত হয়। কারণ এখন মৌলিক অধিকারগুলো যথেষ্ট কষ্টসাধ্য। বিশেষত নতুন প্রজন্মের যারা আছে তাদের জন্মভূমিতে ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে। শুধু নিশ্চয়তাটুকু দিতে হবে যে সেখানে গেলে তাদের আবার নাফ নদীর তীরে ফেরত আসতে হবে না। 

২০১৭ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ভয়ংকর সহিংসতা শুরু করার পর থেকে রোহিঙ্গারা ধর্ষণ,নির্যাতন ও অগ্নিসংযোগ থেকে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। মানবতার দিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় প্রদান করে। সরকারি হিসাব অনুযায়ী ১১ লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে এসব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়। সূত্রমতে, শরণার্থী হিসাবে বাংলাদেশে প্রথম রোহিঙ্গারা প্রবেশ করে ১৯৭৮ সালে। দ্বিতীয় দফা রোহিঙ্গারা আসে ১৯৯১-৯২ সালে। তৃতীয় দফা প্রবেশ করে ২০১৬ সালে। সর্বশেষ মোটাদাগে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে ২০১৭ সালের আগস্টের ২৫ তারিখ থেকে। সে সময় প্রায় দুই মাসে সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।

বিগত বছরে নতুন করে জন্ম নিয়েছে প্রায় দেড় থেকে দুই লাখ রোহিঙ্গা শিশু। সব মিলিয়ে বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা ১৩ লক্ষাধিক, যার অর্ধেকের বেশি এসেছে ২০১৭ সালে। তারপর থেকেই এই বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয়ে রয়েছে। এর মধ্যে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি এখন বেশি উত্তপ্ত। আবার বর্তমানের ইস্যুগুলোর ভেতর এই সমস্যা কিভাবে সমাধান হবে সেটাও বোঝা যাচ্ছে না। অথচ এটা শুরু হওয়া উচিত। দীর্ঘদিন বাংলাদেশে থাকা রোহিঙ্গারা বর্তমান পরিস্থিতিতে সমস্যা। বছরের পর বছর তারা এখানে থাকতে পারে না। কোনো দেশই এত দীর্ঘ সময় এত বিপুল জনগোষ্ঠী রাখেনি। অন্তত আমাদের মতো একটি ছোট দেশ এই সাহস দেখিয়েছে এটাই অনেক বড় ব্যাপার। এরই প্রেক্ষিতে রোহিঙ্গাদের ওপর এই নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া।    

রোহিঙ্গাদের জন্য এখন স্থানীয়রাই বিপদে আছে। স্থানীয় কৃষিজমি, বনভূমি ধ্বংস, শ্রমবাজারে রোহিঙ্গাদের কাজে লাগানোসহ নানাবিধ অপরাধ বৃদ্ধি পেয়েছে। বাস্তবতা হলো রোহিঙ্গারা আমাদের দেশের জন্য বোঝা হয়ে উঠছে। মানবতার খাতিরে তাদের আশ্রয় দিলেও এখন তাদের ফিরতে হবে। রোহিঙ্গাদের একটি অংশ নানা অপরাধের সাথে জড়িয়ে পরছে, মাদক দ্রব্য, অন্তর্দ্বন্দ্ব ইত্যাদি লেগেই আছে। কয়েকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে এবং মিয়ানমারের টালবাহানায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। অথচ এখন তাদের ফিরে যাওয়ার দরকার। যখন প্রয়োজন হয়েছিল তখন আমরা তাদের আশ্রয় দিয়েছি। তার অর্থ এই নয় যে তাদের আজীবন ধরে রাখতে হবে। সবচেয়ে বড় কথা পৃথিবী নিজেই এক বিরাট সংকটপূর্ণ পরিস্থিতি মুহূর্ত পাড়ি দিচ্ছে। বছর বছর রোহিঙ্গা শিশু জন্ম নেওয়ায় বৃদ্ধি পাচ্ছে তাদের সংখ্যাও। ফলে যত বছর পার হবে তত রোহিঙ্গাদের সংখ্যা বৃদ্ধি পাবে। যা বাংলাদেশের ওপর চাপ তৈরি করবে।  

এই বিপুল সংখ্যাক রোহিঙ্গা ভবিষ্যতে কোথায় থাকবে, তাদের সন্তানদের ভাগ্যে কী ঘটবে এ বিষয়ে সিন্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট সময় পার হচ্ছে। মাঝে মধ্যে রোহিঙ্গা নিয়ে কিছু কথা শোনা গেলেও মূল সমাধান অর্থাৎ রোহিঙ্গাদের নিজ বাসভূমে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায় না। এদিকে ক্রমেই এ দীর্ঘ বিষয়টি আর দীর্ঘতর হচ্ছে। আভ্যন্তরীণ বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। এই সময়ের মধ্যে বিশ্বে আরও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। আশ্রয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এদের ভবিষ্যত কি হবে তার অস্থায়ী সিদ্ধান্ত হলেও স্থায়ী সমাধান হয়নি। বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুটিও এরকমই একটি আপাত অমিমাংসিত ইস্যু। আপাতত আমরা সমাধান চাই। রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আদালতে একটি দৃষ্টান্তমূলক রায় পাওয়ার কারণে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ আরও দ্রুত হলো বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। এই বিষয়টির সুষ্ঠু সমাধান হোক বিশ্ববাসী এটাই প্রত্যাশা করে।  

লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন