বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা ‘ফাতু’র জন্মদিন উদ্যাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৬:০১
ছবি: সংগৃহীত
বন্দিদশায় থাকা বিশ্বের সবচেয়ে বেশি বয়সী গরিলা ‘ফাতু’ গত সোমবার তার ৬৯তম জন্মদিন উদ্যাপন করেছে। জার্মানির বার্লিন চিড়িয়াখানায় চেরি টমেটো, বিট, লিকস ও লেটুস পাতার বিশেষ ভোজের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।
তবে জন্মদিনে কোনো কেক ছিল না। কারণ, এমন বয়সী প্রাইমেটটির (বানরজাতীয় প্রাণী) জন্য চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ফাতু হচ্ছে ‘ওয়েস্টার্ন লোল্যান্ড’ গরিলা। তাকে ১৯৫৯ সালে তৎকালীন জার্মানির পশ্চিম বার্লিনে আনা হয়েছিল। সে সময় তার বয়স প্রায় দুই বছর ছিল বলে ধারণা করা হয়। অবশ্য তার সঠিক জন্মতারিখ জানা নেই। তারপরও ১৩ এপ্রিলকে তার আনুষ্ঠানিক জন্মদিন হিসেবে ধরা হয়।
বন্য পরিবেশে গরিলা সাধারণত ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচে। তবে চিড়িয়াখানার মতো নিয়ন্ত্রিত পরিবেশে তারা আরও বেশি সময় বেঁচে থাকতে পারে।
২০২৪ সালে ‘ইনগো’ নামের একটি ফ্লেমিঙ্গোর মৃত্যুর পর থেকে ফাতুই এখন এই চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক বাসিন্দা। ইনগো পাখিটির বয়স অন্তত ৭৫ বছর হয়েছিল বলে ধারণা করা হতো। সে ১৯৫৫ সাল থেকে এই চিড়িয়াখানায় ছিল।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ফাতুর জন্ম সম্ভবত পশ্চিম আফ্রিকার কোনো বনে। পরে এক ফরাসি নাবিক তাকে আফ্রিকা থেকে এনে ফ্রান্সের মার্সেই শহরে একটি বারের বিল পরিশোধের বিনিময়ে দিয়ে দেন। পরবর্তীতে এক ফরাসি পশু ব্যবসায়ী তাকে চিড়িয়াখানার কাছে বিক্রি করেন বলে জানা যায়।
বর্তমানে ফাতু চিড়িয়াখানায় ভেতরে আলাদা তার নিজের একটি ঘরে বসবাস করে। বয়সের কারণে সে অন্য গরিলাদের থেকে দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সে তার দাঁত হারিয়েছে এবং রয়েছে হালকা গেঁটেবাত ও শ্রবণ সমস্যাও।
তবে বার্লিন চিড়িয়াখানার প্রাইমেট সুপারভাইজার ক্রিশ্চিয়ান অস্ট বলেছেন, ফাতু চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তবে এটাও ঠিক, সে কিছুটা জেদি স্বভাবের।
৬৯ বছর বয়সে এটুকু জেদ করার অধিকার ফাতুর আছে। ফাতু, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
বাংলাদেশের খবর/আরইউ

