নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ২১:১০
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে নাগরিকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে এবং নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের এয়ারপোর্ট রোডের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচনের পরিস্থিতি আশাব্যঞ্জক। আগে যারা নির্বাচনবিরোধী ছিল, তারা এখন অংশ নিচ্ছে। নির্বাচনের বাধাগুলো দূর হচ্ছে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশন ভালো নির্বাচন করবে।’
তিনি আরও বলেন, ‘মবক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এ থেকে বের হতে হবে। মানুষ সুশাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতা চায়। গণতান্ত্রিক সংস্কৃতি সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আশা করি, দুই-এক দিনের মধ্যেই তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সিলেটে এসে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।’
আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মাত্র কয়েকটি আসনে আমরা বিকল্প প্রার্থীকে মনোনয়ন দিয়েছি। যেসব আসনে প্রার্থীর আইনি জটিলতার আশঙ্কা ছিল, সেসব আসনে অন্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা কোনো সমস্যা নয়।’
এর আগে শনিবার বিকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সন্ধ্যায় মতবিনিময় শেষে রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। সিলেটে তার এই সফর ছিল ব্যক্তিগত।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৩ আসনের প্রার্থী এম এ মালেক, সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট-৬ আসনের দলীয় প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
মো. রেজাউল হক ডালিম/এআরএস

