Logo

রাজনীতি

এবার ভিন্ন আমেজে প্রধানমন্ত্রী ও বিরোধী নেতারা কে কোথায় ঈদ করছেন?

Icon

এমএস ইসলাম

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২১:০২

এবার ভিন্ন আমেজে প্রধানমন্ত্রী ও বিরোধী নেতারা কে কোথায় ঈদ করছেন?

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও প্রায় ১৭ বছরের দমন-পীড়ন সহ্য করে সরকার পতনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর ভিন্ন এক আবহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। নির্বাচনোত্তর নতুন রাজনৈতিক বাস্তবতায় এবার সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতের শীর্ষ নেতাদের ঈদ উদযাপনে যুক্ত হয়েছে নতুন মাত্রা।

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর দেশে ফিরে এবার প্রথমবারের মতো ঈদ উদযাপন করছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম ঈদ, যা ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর ঈদ উদযাপন করছেন। একইভাবে এনসিপির নেতারাও নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব পাওয়ার পর এবার প্রথম ঈদের আনন্দে শামিল হচ্ছেন।

আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এ জামাতে অংশগ্রহণ করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি নেতা আব্দুস সালাম জানিয়েছেন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, “ঈদের দিন সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় কূটনীতিক, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, বিশিষ্টজনসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।” 

এদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের জনগণের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রাজধানীর ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। 

জামায়াতের নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায় ঈদ উদযাপন করবেন। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে ঈদ করবেন।

অন্যদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও এনসিপি আহ্বায়ক তার নির্বাচনী এলাকা ঢাকা-১১ আসনে ঈদের নামাজ আদায় করবেন। দলটির সদস্য সচিব ও এমপি আখতার হোসেন রংপুর-৪ আসনের পীরগাছায় নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন।

সব মিলিয়ে, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এবার দেশের শীর্ষ নেতাদের ঈদ উদযাপন ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ, যা রাজনৈতিক অঙ্গনেও নতুন বার্তা দিচ্ছে।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর